ইবি সংবাদদাতা
রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব। রোববার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নারী শিক্ষার্থীদের ‘নষ্টা’ বলে উল্লেখ করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তারা একজন ছাত্রনেতার কাছ থেকে এ ধরনের মন্তব্যকে ‘অশোভন ও দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন।
পোস্টে আহসান হাবিব লেখেন, ‘এদের ধরে ধরে যদি কাঁচা কুনচি দিয়ে বানানো হতো তাহলে এরা মধ্যে রাতে মব সৃষ্টি করার সাহস পেতোনা। এদের দেখে কি মনে হয় এরা সাধারণ শিক্ষার্থী? এরা মুলত গুপ্ত ছাত্রী সংস্থার নষ্টা নেত্রী’।
এদিকে ছাত্রদল নেতার এমন পোস্টের তীব্র সমালোচনা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক নেতা হাসানুল বান্না অলী। তিনি পোস্টের কমেন্টে লেখেন, “আপনাদের বিরুদ্ধে গেলেই সে নষ্টা? হিজাব পরা মেয়েদেরকে কীভাবে নষ্টা বলেন ভাই! রাজনৈতিক কারণে অন্ধ হয়ে গেলেন। বিষয়টি দুঃখজনক। আমাদের মা-বোনদের নিয়ে কেউ এমন মন্তব্য করলে আমাদের কেমন লাগবে, সেটা একটু চিন্তা করেন ভাই।”
এ কে আজাদ নামে এক শিক্ষার্থী লেখেন, “ভাই, এটাই আপনাদের বড় ব্যর্থতা আর জামায়াত-শিবিরের সফলতা। গেঞ্জি পরা মেয়ে ছাত্রীসংস্থার কর্মী হবে— এটা অসম্ভব। যখন সাধারণ শিক্ষার্থীদের এ ধরনের তকমা দেওয়া হবে, তখন তারাই রাজপথে স্লোগান দেবে— ‘তুমি কে, আমি কে, গুপ্ত গুপ্ত’; যেমনটা জুলাই আন্দোলনে হয়েছে।”
কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টের বিষয়ে শাখা ছাত্রদল নেতা আহসান হাবিব বলেন, “আমি এটা কোনো মা-বোন বা সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলিনি। গুপ্ত ছাত্রীসংস্থার উদ্দেশ্যে ‘নষ্টা’ বলেছি। কোনো সাধারণ শিক্ষার্থী তো রাতে এভাবে আন্দোলন করবে না। তারা যদি গুপ্ত না হতো, তাহলে দিনের বেলাতেই আন্দোলন করত।”






