ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসের প্রতি সম্মান জানিয়ে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (২০ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিতব্য ভোটগ্রহণ আপাতত স্থগিত থাকছে। নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন জানায়, জাতির শোকের এই সময়ে নির্বাচন আয়োজন সমীচীন নয়। রাষ্ট্রীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত এবং শহীদ শরিফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবেই দ্বিতীয় দিনের ভোট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে আজ শুক্রবার রাজশাহীতে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান রয়েছে। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রাজশাহী কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। একইসঙ্গে দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ ও আড্ডায় সময় কাটিয়ে আনন্দ প্রকাশ করেন প্রার্থী ও ভোটাররা।
প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার ও শনিবার (১৯ ও ২০ ডিসেম্বর) দুই ধাপে রাজশাহী ও ঢাকায় ভোটগ্রহণের কথা থাকলেও রাষ্ট্রীয় শোক ঘোষণার পরিপ্রেক্ষিতে ঢাকার পর্ব স্থগিত করা হয়।
শরিফ ওসমান হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোড এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় যাতায়াতের সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।












